খালেদা জিয়ার জন্য বাদ জুমা দোয়া-প্রার্থনার আহ্বান সরকারের
খালেদা জিয়ার জন্য বাদ জুমা দোয়া-প্রার্থনার আহ্বান সরকারের
Copied from: https://rtvonline.com/
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে আগামী শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ অনুরোধ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, প্রয়াত রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শুক্রবার জুমার নামাজ শেষে দেশের প্রতিটি মসজিদে দোয়া পরিচালনা করা হবে।
এছাড়া বিবৃতিতে উল্লেখ করা হয়, মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন ধর্মের উপাসনালয়েও সংশ্লিষ্ট ধর্মীয় নিয়ম মেনে প্রার্থনার ব্যবস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করতে অনুরোধ করা হয়েছে।
এর আগে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেন ও ডা. শাহাবুদ্দিন তালুকদার এবং পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান।
আওয়ামী লীগ সরকারের সময়ে দু’টি মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি দুই বছরেরও বেশি সময় কারাগারে ছিলেন। পরবর্তীতে ২০২০ সালের ২৫ মার্চ মানবিক বিবেচনায় তার দণ্ড স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। এরপর প্রতি ছয় মাস অন্তর মুক্তির মেয়াদ বাড়ানো হলেও বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চক্ষুসহ নানা জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্ত হন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ৬ মে দেশে ফেরেন।
দেশে ফেরার পর তাকে নিয়মিত চেকআপের জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ ২৩ নভেম্বর তাকে একই হাসপাতালে ভর্তি করা হয় এবং তখন থেকেই তিনি সংকটাপন্ন রয়েছেন বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন।

No comments