খালেদা জিয়ার আপসহীন অবস্থান জাতির জন্য চিরকাল স্মরণীয় : মাসুদ সাঈদী
খালেদা জিয়ার আপসহীন অবস্থান জাতির জন্য চিরকাল স্মরণীয় : মাসুদ সাঈদী
পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের পথচলায় একটি অসাধারণ প্রেরণার উৎস। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে তিনি বহু বছর ধরে দৃঢ় অবস্থানে ছিলেন। সরকারী নিপীড়ন, মিথ্যা মামলা এবং রাজনৈতিক প্রতিহিংসার মধ্যেও তার অনমনীয় সাহস ও আপসহীন অবস্থান দেশের গণতান্ত্রিক ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, ’৯০-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি ধাপে বেগম জিয়ার দৃঢ় নেতৃত্ব, দেশপ্রেম ও ত্যাগ জাতির জীবনে গভীর ছাপ ফেলেছে। দেশের নানা প্রজন্ম তার মধ্যে সাহস, ধৈর্য ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিচ্ছবি দেখেছে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তার দীর্ঘ রাজনৈতিক ভূমিকা ইতিহাসে গুরুত্বসহকারে স্মরণ করা হবে। আমরা যারা দেশকে ভালোবাসি, তারা তাকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের অনুপ্রেরণার প্রতীক হিসেবে বিবেচনা করি।
তিনি আরও বলেন, আমার বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি বেগম খালেদা জিয়ার আন্তরিক শ্রদ্ধা ছিল এবং আমার বাবাও তাকে গভীরভাবে শ্রদ্ধা করতেন। রাজনৈতিক মতভেদ থাকলেও বেগম জিয়ার ব্যাপারে আমাদের অবস্থানে কোনো ভিন্নতা নেই। তিনি দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে কাজ করেছেন। আলেমদের প্রতি তার বিশেষ সম্মান ছিল, এবং বিভিন্ন ঘরানার আলেম তার নেতৃত্বে একত্রিত হয়েছিলেন। অতীতের মতো এখনো আমরা তার প্রতি একই শ্রদ্ধা রেখে চলেছি—দেশ ও গণতন্ত্রের স্বার্থে।
মাসুদ সাঈদী বলেন, বিএনপি ও জামায়াত অতীতের মতো দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধভাবেই ছিল এবং ভবিষ্যতেও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রেখে কাজ করবে। মতের অমিল থাকতে পারে, কিন্তু তা বিরোধে রূপ নেবে না।
তিনি বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আমি, আমার পরিবার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করছি। দেশের চলমান রাজনৈতিক সংকটে জাতির কল্যাণে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন—এ কামনা করি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইরফান আহমদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাওলানা হাবিবুল্লাহ খান রুবেল। উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাদল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বেলায়েত মাঝি, সদস্য সচিব এস এম রিয়াজ উদ্দিন ফরাজি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মিলটন মাঝি প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইরফান আহমদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আরিফুল ইসলাম এবং গজল পরিবেশন করেন মাওলানা বেল্লাল হোসেন।

No comments